বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ

হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আটক ইস্তেবান সান্তিয়াগোযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরের হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আটক ইস্তেবান সান্তিয়াগোর ছবি প্রকাশ করেছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম। তবে নিরাপত্তা ও গোয়েন্দা কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ছবি প্রকাশ করেনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর থেকে এসব কথা জানা গেছে।

এদিকে সন্দেহভাজন বন্দুকধারী সান্তিয়াগোর নাম-পরিচয় প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। 

স্থানীয় সময় শুক্রবার দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় হা্মলা চালায় ওই বন্দুকধারী। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।  আর এক টুইটে আহত আটজনকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে ব্রাউড কাউন্টি শেরিফের দফতর।

মার্কিন বার্তা সংস্থা এপির  বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, অন্তত ১০ ব্যক্তির ওপর গুলি চালানো এই সন্দেহভাজন বন্দুকধারীর নাম ইস্তেবান সান্তিয়াগো। তিনি একজন মার্কিন নাগরিক।

ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী সান্তিয়াগোর জন্ম নিউ জার্সিতে। ২ বছর বয়সে তিনি পুয়ের্তো রিকোতে স্থানান্তরিত হন। তিনি সেখানকার ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন।

/বিএ/আপ-এসএনএইচ/