গোপন কারাগার পরিচালনাকারী জিনাকে সিআইএ'র উপপরিচালক করলেন ট্রাম্প

সিআইএ`র সদর দফতরযুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর গোপন ও বিতর্কিত কারাগার পরিচালনাকারী জিনা হাসপেলকে সংস্থাটির উপপরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে সিআইএ-এর দ্বিতীয় এ সর্বোচ্চ পদটিতে প্রথমবারের মতো কোনও নারী আসীন হতে যাচ্ছেন। সিআইএ-এর নতুন পরিচালক মাইক পম্পেওর অধীনে কাজ করবেন জিনা।
যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের হামলার পর থাইল্যান্ডে সিআইএ’র একটি গোপন কারাগার পরিচালনা করেছিলেন হাসপেল। নাম প্রকাশ না করে কয়েকজন গোয়েন্দা ও কংগ্রেসনাল কর্মকর্তা রয়টার্সকে জানান, ওই কারাগারে দুই সন্দেহভাজন আল কায়েদা সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য বিতর্কিত ওয়াটারবোর্ড পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। ওয়াটারবোর্ডিং-এর ভিডিও টেপগুলো নষ্ট করে ফেলার আদেশ দিতে কর্তৃপক্ষকে সহায়তা দিয়েছিলেন তিনি। ওয়াটারবোর্ডিং হল এক ধরনের নির্যাতন। এ পদ্ধতিতে মুখে কাপড় বেঁধে নাক দিয়ে প্রচুর পানি ঢেলে সন্দেহভাজনের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়।
জিনা হাসপেলকে পদোন্নতি দেওয়ার মধ্য দিয়ে নতুন করে সিআইএ-এর গোপন কারাগার খোলা সংক্রান্ত আশঙ্কা আরও জোরালো হয়েছে। ট্রাম্প গোপন কারাগার খুলতে চান এবং ওয়াটারবোর্ডিং পদ্ধতি ফিরিয়ে আনতে চান বলে সম্প্রতি যে ইঙ্গিত দিয়েছেন তাই জোরালো হয়ে উঠেছে। অবশ্য, সিআইএ পরিচালক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এ ধরনের জিজ্ঞাসাবাদ পদ্ধতির বিরোধী।
/এফইউ/