সাত মুসলিম প্রধান দেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা তুলে নেওয়া হবে কি হবে না তা নির্ধারণে ফেডারেল আদালতে এ শুনানি চলছে। মঙ্গলবার এই নিষেধাজ্ঞার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে মার্কিন বিচার বিভাগ। সান ফ্রান্সিসকো-ভিত্তিক নাইনথ্ ইউএস সার্কিট কোর্ট অব আপিলসে ভ্রমণ নিষেধাজ্ঞাকে সমর্থন করে ১৫ পৃষ্ঠার যুক্তিতর্কে ভ্রমণ নিষেধাজ্ঞা মুসলিমদের বিরুদ্ধে নয় জানিয়ে এটি ‘প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার আইনসম্মত ব্যবহার’ বলে দাবি করা হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সপ্তাহান্তে আপিল আদালতে এ নিষেধাজ্ঞার ব্যাপারে রুল জারির কথা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, শুনানির শুরুতেই বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের বিশেষ উপদেষ্টা অগাস্ট ফ্লেন্টজে নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের অবস্থান ব্যক্ত করেন। তার দাবি, ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি জেমস রবার্ট অযথার্থভাবে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করে নিজেকে জাতীয় নিরাপত্তার ইস্যুর সঙ্গে জড়িয়ে ফেলেছেন।
তিনি বলেন, ‘এটি একটি প্রচলিত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিবেচনা ছিল কিন্তু আদালতের আদেশে তা বদলে গেছে।’
তখন বিচারপতি মাইকেল ফ্রাইডল্যান্ড জানতে চান, এ দেশগুলো যে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সে ব্যাপারে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনও প্রমাণ আছে কিনা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিষেধাজ্ঞা জারি করা ৭ দেশ মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন অভিযোগের পক্ষে ট্রাম্প প্রশাসনের হাতে তথ্যপ্রমাণ আছে কিনা, তাও জানতে চেয়েছে আদালত।
/এফইউ/বিএ/