সামরিক আদালতে বেসামরিকদেরও বিচার করবে বাহরাইন

বাহরাইনের সরকারবিরোধী একটি বিক্ষোভসামরিক আদালতকে বেসামরিকদের বিচারের ক্ষমতা দিয়ে সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা। সোমবার (৩ এপ্রিল) এ অনুমোদন দেন তিনি। এর কয়েক সপ্তাহ আগে বাহরাইনের পার্লামেন্টের ৪০ আসনবিশিষ্ট উচ্চ কক্ষ এবং ৪০ আসনবিশিষ্ট নিম্নকক্ষেও সংশোধনীটি অনুমোদন দেওয়া হয়েছিল। বাহরাইনের পার্লামেন্টের উচ্চ কক্ষের সদস্যরা বাদশাহর নিয়োগকৃত আর নিম্ন কক্ষের সদস্যরা নির্বাচিত প্রতিনিধি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এতোদিন সশস্ত্র বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনীর অন্য শাখার সদস্যদের বিচার করার মধ্যেই বাহরাইনের সামরিক আদালতের কাজ সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রীয় জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি হলেই কেবল এসব আদালতে বেসামরিকদের বিচার করা যেত। নতুন এ সংশোধনীর আওতায় রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরিকারী যেকোনও বেসামরিক নাগরিকের বিচার করার ক্ষমতা পাচ্ছে সামরিক আদালতগুলো।
বাহরাইনভিত্তিক বার্তা সংস্থা বিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩ এপ্রিল) বাদশাহ হামাদ বাহরাইনের সংবিধানের ১০৫ (বি) অনুচ্ছেদে সংশোধনী এনেছেন।
রাষ্ট্রের অবমাননা এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত শিয়া নেতা শেখ আলি সালমানের সাজার মেয়াদ কমিয়ে দিয়ে শীর্ষ আদালতের সিদ্ধান্ত জানানোর পর সংবিধানে এ সংশোধনী আনা হলো। সালমানের সাজা নয় বছর থেকে কমিয়ে চার বছর করা হয়।  

/এফইউ/