সিরিয়ার ইদলিবে বিমান হামলা, শিশুসহ অন্তত ১৮ বেসামরিক নিহত

photo-1482809360



বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরীয় শহর ইদলিবে আবারও বিমান হামলার শিকার হলেন বেসামরিক মানুষেরা। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ১৮ বেসামরিক নিহত হয়েছেন। এদের মধ্যে শিশুও রয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলছে, হামলায় নিহতের সংখ্যা ১৯।
সিরিয়ান অবজারভেটরির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার উরুম আল-জজে এই হামলা হয়। হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।
শনিবারের ওই হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত নয়। তবে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবে প্রায়শই রুশ সমর্থিত সরকারি বাহিনীর হামলা হয়। শনিবারের হামলাতেও তাদেরকেই সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শনিবারও সম্ভাব্য রুশ বিমান হামলায় ওই বেসামরিকেরা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই হামলা নিয়ে এক টুইট বার্তায় বিদ্রোহী নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকালে দুটি বিমান হামলায় ১৯ জন নিহত হন, আহত হন আরও ২২ জন।
মঙ্গলবার এই ইদলিব প্রদেশেই খান শেখুন শহরে রাসায়নিক হামলায় ৮২ জন প্রাণ হারান। শুরু হয় পারস্পরিক দোষারোপ। এক পর্যায়ে ইদলিবে আসাদবিরোধী সামরিক আগ্রাসন শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে রাশিয়াও হুঙ্কার ছেড়ে রণতরী পাঠায় ভূমধ্যসাগরের সিরীয় অঞ্চলে। সবমিলে এক ‘ছায়া যুদ্ধবাজি’র বাস্তবতা জারি হয়।
/এমএইচ/বিএ/