‘সময়ই বলে দেবে’

download (1)



চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি ভবিষ্যতের ওপর ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সম্পর্কে তার স্পষ্ট মন্তব্য দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়টি ‘সময়ই বলে দেবে।’ মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক খবরে এই বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার এক টুইট বার্তায় চীনের সঙ্গের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নিজের মতামত জানান ট্রাম্প। তিনি বলেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ও মাদাম পেং লিউয়ান যুক্তরাষ্ট্রে অতিথি হয়ে আসাটা অনেক সম্মানের ছিল। এসময় সুসম্পর্ক ও বন্ধুত্ব তৈরি হয়েছে তবে বাণিজ্যের বিষয়টি সময়ই বলে দেবে।’
অথচ দায়িত্ব নেওয়ার পর বরাবরই চীনের সমালোচনা করে আসছেন ট্রাম্প। নাফটার মতো বাণিজ্যিক চুক্তিরও সমালোচনা করেন তিনি। গত সপ্তাহে চীনসহ অন্য দেশগুলের সঙ্গে বাণিজ্যিক চুক্তি খতিয়ে দেখার নির্বাহী আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। ৯০ দিনের মধ্যে তাকে এনিয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া টু্ইটার পোস্টে সেনাবাহিনীর প্রশংসাও করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের সেনাসদস্যদের অভিনন্দন। সিরিয়া হামলায় তারা যুক্তরাষ্ট্র ও বিশ্বকে প্রতিনিধিত্ব করেছে।’ বৃহস্পতিবার সিরিয়ার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইদলিবে রাসায়নিক হামলার পরিপ্রেক্ষিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
শুক্রবার ট্রাম্পকে এই হামলায় সমর্থনের কথা ব্যক্ত করেন সৌদি বাদশাহ সালমান বিন আবদাল আজিজ আল সাউদ। দুই দেশই দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে তাদের প্রতিশ্রুতি ও সম্পর্ক মজবুতের ব্যাপারে জোর দেন।
/এমএইচ/বিএ/