আলেপ্পোর উপকণ্ঠে রাশিদিনে ওই গাড়ি বোমা হামলা চালানো হয়। সেখানে কয়েকটি বাসে আলেপ্পো শহরে ঢোকার অপেক্ষায় ছিলেন দুটি শহরের মানুষ। যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্যই তাদের বাসে তোলা হয়েছিল। ঘরহারাদের সেই বহর লক্ষ্য করে হামলা চালানো হয়।
মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলাকারী একটি ভ্যান নিয়ে এসে বোমার বিস্ফোরণ ঘটায়।
কাতার ও ইরানের মধ্যস্থতায় সিরিয়ার চারটি অবরুদ্ধ শহর থেকে ঘরহারা মানুষদের উদ্ধার করার চুক্তি হয়েছে। এর মধ্যে বিদ্রোহী অধ্যুষিত দুটি এবং সরকারের নিয়ন্ত্রণে থাকা দুটি শহরের ৩০ হাজার মানুষকে উদ্ধার করা হবে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বোমা হামলার পর সরকারের অধীনে থাকা দুই শহর ফুয়াহ ও কেফরায়া থেকে পাঁচ হাজার এবং বিদ্রোহী অধ্যুষিত মাদায়া ও জাবাদানি শহরের ২২০০ মানুষ অসহায় অবস্থায় আছে।
/এসএ/বিএ/