রুশ সংশ্লিষ্টতার অভিযোগ লড়তে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী নিয়োগ

কাসোউইৎজযুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ সংক্রান্ত তদন্ত চলাকালীন সহায়তার জন্য নিজের পক্ষের আইনজীবী হিসেবে মার্ক ই. কাসোউইৎজকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তের ব্যাপারে জানাশোনা রয়েছে এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট খবরটি জানিয়েছে। অবশ্য, হোয়াইট হাউসের পক্ষ থেকে এ নিয়োগের ব্যাপারে কোনও বক্তব্য দেওয়া হয়নি। আবার ওয়াশিংটন পোস্টকে যারা তথ্যটি জানিয়েছেন, তারাও মিডিয়ার সামনে কথা বলার এখতিয়ার নেই উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কভিত্তিক এ আইনজীবীর কাছ থেকে পরামর্শ নিয়ে আসছেন ট্রাম্প। বিবাহ বিচ্ছেদ, রিয়েল এস্টেট ট্রানজেকশন এবং ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের জালিয়াতির অভিযোগসহ অগণিত মামলায় ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন কাসোউইৎজ। মঙ্গলবার (২৩ মে) তাকেই রুশ সংযোগ সংক্রান্ত অভিযোগে পরামর্শ দেওয়ার জন্য ব্যক্তিগত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং এর সঙ্গে ট্রাম্পের প্রচারণা শিবিরের সংযোগ ছিল বলে অভিযোগ ওঠে। সম্ভাব্য রুশ সংযোগ খতিয়ে দেখতে শুরু করে এফবিআই ও কংগ্রেস। তবে চলতি মাসের শুরুতে এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার পর ট্রাম্প শিবিরের বিরুদ্ধে রুশ সংযোগের অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে। কোমিকে বরখাস্তের পর ট্রাম্পের রুশ সংযোগ তদন্তের দায়িত্ব নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রজেনস্টেইন। এছাড়া স্পেশাল প্রসিকিউটর হিসেবে রবার্ট মুয়েলারও দায়িত্ব নিয়ে কাজ শুরু করেন। 

অবশ্য, ট্রাম্প বার বারই দাবি করে আসছেন, তিনি অন্যায় কিছু করেননি। ট্রাম্প জানান, তাকে বলা হয়েছে তিনি এ তদন্তের আওতামুক্ত। চলমান ফেডারেল ও কংগ্রেসনাল তদন্ত থেকে নিজেকে কিভাবে বাঁচিয়ে যায় তার পরামর্শের জন্য হোয়াইট হাউসের বাইরে থেকে একটি আইনজীবীর দল নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। তবে কাসোউইৎজের দলের হয়ে আর কোনও আইনজীবী থাকবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

/এফইউ/