কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণার পর সে দেশের কূটনীতিকদের ফেরত পাঠানো এবং নিজস্ব কূটনীতিকদের সরিয়ে আনার তৎপরতা শুরু করেছে মধ্যপ্রাচ্যের চার দেশ। ৪৮ ঘণ্টার মধ্যে কাতারে নিয়োজিত বাহরাইনি কূটনীতিক এবং বাহরাইনে নিয়োজিত কাতারি কূটনীতিকদের নিজ দেশে ফেরত যেতে বলা হয়েছে। আর স্বল্প সময়ে ভ্রমণের জন্য আসা কিংবা দীর্ঘমেয়াদে বসবাসকারী কাতারি নাগরিকদের দেশ ছাড়ার জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এদিকে আকাশসীমা কিংবা সমুদ্র পথে চলাচলকারী সকল কাতারি পরিবহন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মিসর।
সোমবার সকালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশ। কাতারের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম দেশ বাহরাইন। তাদের অনুসরণ করেই সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের এ ঘটনাকে এ যাবতকালে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে হওয়া সবচেয়ে বড় বিভেদ ও ভাঙন বলে মনে করা হচ্ছে।
সোমবার, পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার মধ্যে কাতারের রাজধানী দোহা থেকে কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় বাহরাইন। বাহরাইনে নিয়োজিত কাতারের কূটনীতিকদেরও ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয় ওই বিবৃতিতে। সংযুক্ত আরব আমিরাতও কাতারি কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যেতে বলেছে।
মিসরের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তার সুরক্ষা নিশ্চিতে দেশটি নিজস্ব আকাশসীমা ও সমুদ্র বন্দর দিয়ে কাতারি পরিবহনের প্রবেশ বন্ধ রাখছে। সংযুক্ত আরব আমিরাতের বিমান ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কাতারের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে। অবশ্য, অন্য এয়ারলাইন্সগুলোও একই ধরনের সিদ্ধান্ত নেবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি আরবও কাতারের সঙ্গে তাদের সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যে আকাশ ও নৌ পথে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে। চার দেশের সম্পর্ক ছিন্নের এ ঘোষণাকে 'অযৌক্তিক' ও 'বাস্তব ভিত্তিহীন' বলে উল্লেখ করেছে কাতার।
এদিকে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে আলাদা করে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জোটে আর কাতারকে স্বাগত জানানো হবে না।
অস্ট্রেলিয়া সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। একসঙ্গে আলোচনায় বসে নিজেদের মধ্যকার বিরোধের মীমাংসা করার জন্যও দেশগুলোর প্রতি অনুরোধ করেছেন। প্রয়োজনে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
/এফইউ/