দামেস্কে আত্মঘাতী বোমায় নিহত অন্তত ৮

 

সিরিয়ার রাজধানী দামেস্কের তাহরির স্বয়ারে এক আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ৮ জনের প্রাণহানির কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে গাড়ি বোমায় আরও দুইটি হামলার পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানিয়েছে তারা। আল-জাজিরা বলছে, মার্চের পরে প্রথমবারের মতো এমন হামলা হলো।

সিরিয়ায় আত্মঘাতী হামলা

বিবিসি জানিয়েছে, রোববার রাজধানীতে প্রবেশের চেষ্টাকালে তিন সন্দেহভাজন গাড়িবোমা হামলাকারীকে ধাওয়া করে সিরীয় পুলিশ। এদের মধ্যে দুটি গাড়িকে পুলিশ ধ্বংস করে দিতে পারলেও তৃতীয়টি শহরের তাহিরির স্কয়ারে পুলিশের ঘেরাওয়ের মধ্যে বিস্ফোরিত হয়।

আল-জাজিরা নিজস্ব সূত্রে ওই হামলায় ৮ জন নিহত হওয়ার কথা জানালেও যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি  অন্তত ৯জনের প্রাণহানির কথা বলছে।

আরেক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,  সন্দেহভাজন গাড়িবোমা হামলাকারীদের অন্য দুটি গাড়িকে পশ্চিম দামেস্কের পৃথক দুটি এলাকায় ধ্বংস করা হয়েছে।

গত ছয় বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এখনও পর্যন্ত দামেস্কের অধিকাংশ এলাকা সরকারের নিয়ন্ত্রণে আছে। এই সময়ে ৩০ হাজারেরও বেশি সিরীয় নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গৃহযুদ্ধের কারণে ৫৫ লাখ লোক সিরিয়া ছেড়ে পালিয়ে গেছে এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৬৩ লাখ মানুষ।

/বিএ/