উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। কোরীয় উপদ্বীপে চলা এই মহড়ায় বুধবার ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালাচ্ছে তারা। মার্কিন প্যাসিফিক কমান্ডের বরাতে এই তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্যাসিফিক কমান্ড থেকে বলা হয়, উত্তর কোরিয়া অবৈধ কর্মকাণ্ডের জবাবেই এই পদক্ষেপ নিয়েছে তারা। যুক্তরাষ্ট্র তার আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম ব্যবহার করেছে। আর দক্ষিণ কোরিয়া তাদের হিউনমু মিসাইল পরীক্ষা করেছে যা খুব দ্রুত আঘাত আনতে সক্ষম।
মঙ্গলবার সকালে পশ্চিমাঞ্চলীয় পিয়নগান প্রদেশের বাঘইয়োন থেকে জাপান সাগর অভিমুখে হোয়াসং-১৪ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। যা উৎক্ষেপণের প্রায় ৩৯ মিনিট পরে ৯৩০ কিলোমিটার দূরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সামরিক জোট কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে অঙ্গীকারাবদ্ধ বলেও দাবি করে প্যাসিফিক কমান্ড।
তবে তাদের সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া থেকে এখনও কিছু জানানো হয়নি। মার্কিন ক্ষেপণাস্ত্র যেকোনও স্থল ইউনিটকে ধ্বংস করতে পারে, এছাড়া এয়ার ডিফেন্স ইউনিট ও হেলিকপ্টার ধংস করতেও সক্ষম মার্কিন ক্ষেপণাস্ত্র।
/এমএইচ