কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত অর্থেই ঘুরে দাঁড়াবে কাতার

640x392_93295_159557

সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশীয় জোটের নিষেধাজ্ঞায় কাতারের অর্থনীতি ভেঙে পড়বে না; দাবি করেছেন ব্যাংকের গভর্নর শেখ আব্দুল্লাহ বিন সাউদ আল থানি। দেশটির বিনিয়োগ কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত রাখা নগদ অর্থ (রিজার্ভ) ব্যবহার করেই তারা অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে সক্ষম হবেন বলে দাবি করেছেন তিনি।

গভর্নর জানিয়েছেন, কাতারের হাতে  ৩৪ হাজার কোটি ডলার মূল্যমানের নগদ অর্থ (রিজার্ভ) রয়েছে। স্বর্ণের আন্তর্জাতিক মান বিবেচনায় নিলে কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত রিজার্ভের পরিমাণ ৪ হাজার কোটি ডলার। আর দেশটির বিনিয়োগ কর্তৃপক্ষের কাছে আরও রয়েছে ৩০ হাজার কোটি ডলারের রিজার্ভ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক ব্যবস্থার এটাই আস্থার জায়গা। যেকোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত অর্থ রয়েছে।’

গত ৫ জুন সন্ত্রাসবাদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরসহ কয়েকটি দেশ। এ নিষেধাজ্ঞায় কাতারের অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা করছিলেন অনেকে। তবে নিজেদের রিজার্ভেই ঘুরে দাঁড়াতে চায় কাতার।

/এমএইচ/বিএ/