রাশিয়ার কাছ থেকে আড়াইশো কোটি ডলার দিয়ে সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে তুরস্ক। শুক্রবার এক তুর্কি কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এতে করে ন্যাটো সামরিক জোটের দেওয়া প্রস্তাব তুরস্ক গ্রহণ করবে না বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের এমন পদক্ষেপে ন্যাটের সঙ্গে তাদের ৬ দশকের সম্পর্ক শীতল হয়ে পড়তে পারে বলে ধারণা করছে ব্লুমবার্গ।
প্রাথমিক চুক্তি অনুযায়ী তুরস্ক এক বছরের মধ্যে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল ব্যাটারি পাবে। এরপর তুরস্কেই দুটি তৈরি করতে পারবে। রাশিয়ার অস্ত্র রফতানিকারী প্রতিষ্ঠান রোসোবরোনএস্কপোর্ট এর এক মুখপাত্রের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।
এর আগেও মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিলো তুরস্ক। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটোর চাপে চীনা ওই কোম্পানির সঙ্গে চুক্তি থেকে সরে আসে তারা।
স্নায়ুযুদ্ধের শুরু থেকেই ন্যাটোর সঙ্গে রয়েছে তুরস্ক। কিন্তু বিগত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে তাদের। ইরাক ও সিরিয়ায় সঙ্গে নিজেদের বৈদেশিক নীতিতে পরিবর্তন এনেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনীকে সন্ত্রাসী বলে বিবেচনা করে তুরস্ক।
গত মাসে তুরস্ক থেকে ন্যাটো ঘাটি থেকে নিজেদের সরিয়ে নেয় জার্মানি। দেশটির আইনপ্রণেতাদের সেখানে প্রবেশে বাধা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেয় জার্মানি।
/এমএইচ/