স্পেনের বার্সেলোনা শহরের পর্যটন এলাকায় চলন্ত গাড়ি দিয়ে হামলা চালিয়ে ১৩ জনকে হত্যার প্রধান সন্দেহভাজন হিসেবে ১৭ বছর বয়সী মুসা অউকবিরের কথা বলা হয়েছিল। তবে স্পেনের পুলিশ পূর্ববর্তী ধারণা থেকে সরে এসেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৩ জনের হত্যাকাণ্ডে যে গাড়ি ব্যবহৃত হয়েছে, তার চালক সম্ভবত এখনও জীবিত আছেন। তার খোঁজে অভিযান চলছে। সন্দেহভাজন ওই চালকের নাম ইউনেস আবু ইয়াকুব বলে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট স্পেনের স্থানীয় সময় দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৪ জন নিহত হন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ। ওই ঘটনায় এক নারী আহত এবং ছয় জন আহত হন। এই দুই হামলার আগে বৃহস্পতিবার সকালে আলকানার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও এখন পুলিশ ধারণা করছে তিনটি ঘটনার সংযোগ রয়েছে।
বুধবার আলকানার শহরে বিস্ফোরণের পর ষড়যন্ত্রকারীরা বোমার উপাদানের অভাবে পড়ে। তাই তারা গাড়ি ব্যবহার করে অপেক্ষাকৃত সহজ হামলার পথ বেছে নিয়েছে বলে দাবি করেছে পুলিশ। তারা বলছে, সন্দেহভাজনরা আরো নিখুঁত হামলা চালানোর পরিকল্পনা করছে।
পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় প্রথমদিকে ১৭ বছর বয়সী মুসা অউকবিরকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছিল; কিন্তু পরে শুক্রবার রাতে পুলিশ প্রধান যোশেফ ট্রাপেরো স্থানীয় টেলিভিশনকে জানান, অউকবির হামলাকারী ভ্যানটির চালক ছিলেন এই অনুমান ‘ওজন হারিয়েছে’। অউকবির বার্সেলোনার পশ্চিমে দিকের শহর ক্যামব্রিলসে আরেকটি ভ্যান হামলার চেষ্টায় সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এল পায়িস নামের সংবাদপত্র জানিয়েছে, আবুইয়াকুবই প্রধান সন্দেহভাজন এ ধারণা ক্রমেই দৃঢ় হচ্ছে।
২২ বছর বয়সী আবু ইয়াকুব বার্সেলোনার উত্তরে রিপোল শহরে বসবাস করতেন বলে খবরে দাবি করা হয়েছে। পুলিশ শুক্রবার রিপোল থেকে তিনজনকে এবং আলকানার থেকে একজনকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মরক্কোতে জন্ম নেওয়া ইউনেস আবু ইয়াকুবকে ধরতে নতুন করে অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার বার্সেলোনায় হামলার কয়েক ঘন্টা পর শুক্রবার ভোররাতে আরেকটি গাড়ি নিয়ে ক্যামব্রিলসে হামলা চালিয়ে এক নারীকে হত্যা ও আরো ছয়জনকে আহত করে সন্ত্রাসীরা। সে সময় হামলাকারীদের গাড়িটি উল্টে গেলে গাড়িটি থেকে বের হয়ে আসা পাঁচ হামলাকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। এখানে নিহতদের মধ্যে অউকবিরও ছিল।
বার্সেলোনায় হামলা চালানোর জন্য ব্যবহৃত গাড়িটি অউকবির তার ভাইয়ের নথিপত্র ব্যবহার করে ভাড়া করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। বার্সেলোনায় হামলার কয়েক ঘন্টা পর উত্তর দিকের শহর ভিকেতে আরো একটি ভাড়া গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এই গাড়িটি ব্যবহার করে হামলাকারীরা বার্সেলোনা থেকে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে রিপোল থেকে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির মধ্যে অউকবিরের ভাই দ্রিসও আছে। জানা গেছে, সে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছে এবং হামলার ঘটনায় সে জড়িত ছিল না বলে দাবি করেছে। তার নথি চুরি করে ভ্যান ভাড়া করতে ব্যবহার করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন দ্রিস।
/বিএ/