ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় একজন মার্কিন কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, বিধ্বস্ত হওয়ার পর আহত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তবে বখেনও একজন নিখোঁজ। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ইয়েমেনে দক্ষিণ উপকূলের ২০ মাইলের মধ্যে এই ঘটনা ঘটে।
বিষয়টি তদন্তানাধীন রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। সেন্টকমের মুখপাত্র কর্নেল জন থমাস বলেন, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি পানি থেকে বেশি উপরে ছিলো না।
ইয়েমেনে আল-কায়েদা বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে যু্ক্তরাষ্ট্র। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এমন বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন।
চলতি মাসের শুরুতেই হাওয়াইয়ে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিলো। নিখোঁজ হয়ে যাওয়া পাঁচজন পাইলটকে উদ্ধার অভিযান সম্প্রতি সমাপ্তি ঘোষণা করেছিলো মার্কিন কোস্ট গার্ড। গত এপ্রিলে ম্যারিল্যান্ড গলফ কোর্সে একটি ব্ল্যাক হক বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছিলেন। গুরুতর আহত হয়েছিলেন আরও দুইজন।