ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় ইরমার তাণ্ডব, ধেয়ে যাচ্ছে ফ্লোরিডায়

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভয়াবহ আঘাতের ছাপ রেখে ঘূর্ণিঝড় ইরমা এখন এগিয়ে যাচ্ছে ডমিনিকান রিপাবলিকের দিকে। এন্টিগুয়া, বারবুডা, সেন্ট কিটস , নেভিস এবং এঙ্গুইলার ওপর দিয়ে বয়ে গিয়ে ঝড়টি বুধবার বিকালে ইউএস ভার্জিন আইল্যান্ড এবং পুয়ের্তে রিকোয় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে ঝড়াটি কোথায় আছড়ে পড়বে তা এখনও ঠিক করে বলা না গেলেও সপ্তাহ শেষে ফ্লোরিডা এ ঝড়ের কবলে পড়ার আশঙ্কা করা হচ্ছে।


noname

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, প্রচণ্ড বাতাস নিয়ে ধেয়ে চলা ৫ ক্যাটাগরির এ ঝড় বুধবার ক্যারিবীয় দ্বীপে পুয়ের্তো রিকোর পূর্বে বারবুডা এবং সেন্ট মার্টিন দ্বীপের দিকে অগ্রসর হয়। ঝড়ের আঘাতে সেন্ট মার্টিনে ফ্রান্স-নেদারল্যান্ডের ৪টি যৌথ স্থাপনায় ধ্বংসপ্রাপ্ত হয়।

ঝড়ের প্রভাবে এন্টিগুয়া এবং বারবুডা দ্বীপে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বেশির ভাগ মানুষ। প্রায় ১ হাজার মানুষ এন্টিগুয়ায় অস্থায়ী শিবিরে রাত কাটাচ্ছে। প্রায় গোটা দ্বীপই অন্ধকারে ঢাকা পড়ায় আতঙ্কে আছে অধিবাসীরা।

ইরমার কবলে পড়েছে বারবুডা দ্বীপও। এ দ্বীপে প্রায় ১৬শ’ মানুষের বাস। ইরমার তাণ্ডবে সেখানে বুধবার ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি।  তবে পুয়ের্তো রিকোর পার্বত্যাঞ্চলে ঝড়ের প্রস্তুতি নেওয়ার সময় ৭৫ বছর বয়সের একজন মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। ক্যারিবীয় আরও কয়েকটি দ্বীপে হারিকেনের সতর্কতা জারি আছে।

ইরমা আটলান্টিক মহাসাগরে সৃষ্ট গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়। মাত্র কদিন আগেই যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে বয়ে যায় ঘূর্ণিঝড় হারভি। গত ১২ বছরের মধ্যে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে হারভি ছিল সবচেয়ে ভয়াবহ। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ধেয়ে যাচ্ছে শক্তিশালী ইরমা। হার্বির থেকেও এ ঝড় বেশি শক্তিশালী। এটি  ৫ ক্যাটাগরি ঘূর্ণিঝড়। আর হারভি ছিল ক্যাটাগরি ৪ ঝড়।