‘জাতিগত শুদ্ধি অভিযান’ বন্ধে সু চিকে তেহরানের চিঠি

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে দেশটির সরকারকে আহ্বান জানিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্টের বিশেষ সহকারী শাহিনদোখ্ত মোল্লাভেরদি মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান।

ইরানের প্রেসিডেন্টের বিশেষ সহকারী শাহিনদোখ্ত মোল্লাভেরদি

চিঠিতে রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস গণহত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা জানি অতীতে আপনি সরকারের কাছে ‘সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য আইন প্রণয়নের’ দাবি জানিয়েছেন। আমরা আশা করছি আপনি নিজের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেবেন।

নিজের মানবতাবাদী ভাবমর্যাদাকে প্রমাণ করতে সু চি বর্তমানের চেয়ে ভালো সময় পাবেন না বলেও মন্তব্য করেন তিনি।

মোল্লাভেরদি বলেন, ‘আমি ইরানি প্রেসিডেন্টের মানবাধিকার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে আপনার কাছে আবেদন জানাচ্ছি, চলমান সহিংসতা বন্ধ করতে এবং দুর্গত জনগোষ্ঠীর কাছে আন্তর্জাতিক সাহায্য পৌঁছে দিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিন।’

তিনি বলেন,মিয়ানমারকে এমন একটি দেশ যার 'মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস' রয়েছে। ইরানের প্রেসিডেন্টের বিশেষ সহকারী আরও বলেন, ‘আমরা আশা করব আপনার একান্ত উদ্যোগে মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলমান সহিংসতার অবসান হবে এবং মিয়ানমার সরকার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেবে। সেইসঙ্গে মিয়ানমার সরকার এই জনগোষ্ঠীকে দেশের অন্যান্য নাগরিকের সমান মর্যাদা দেবে এবং সব ধরনের বৈষম্য ও সহিংসতা থেকে সরকারই রোহিঙ্গা মুসলমানদের রক্ষা করার ব্যবস্থা নেবে।’