ইরাকের কুর্দিস্তানের স্থানীয় সরকারের (রিজিওনাল গভর্নমেন্ট-কেআরজি) প্রেসিডেন্টের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন মাসুদ বারজানি। ওই অঞ্চলের পার্লামেন্ট পদত্যাগের অনুমোদন দিয়েছে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কুর্দিস্তানের স্বাধীনতার উদ্যোগ নিয়ে বাগদাদের সঙ্গে অচলাবস্থার মধ্যে তার এই পদত্যাগের ঘোষণা এলো। ১ নভেম্বর তার মেয়াদ বাড়ানোর কথা ছিলো। এক চিঠিতে বারজানি বলেছেন, তিনি আর তার মেয়াদ বাড়ানোর চেষ্টা নেবেন না। ১ নভেম্বর তার মেয়াদ ৪ শেষ হচ্ছে।
সেপ্টেম্বরে কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে কুর্দিরা গণভোটে ভোট দিয়েছে। এ ভোটকে কেন্দ্র করে কুর্দিদের সঙ্গে ইরাকের সরকারি বাহিনীর লড়াই শুরু হয় এবং সেনারা কুর্দিদের তেল সমৃদ্ধ এলাকাগুলো দখল করে নেয়।
এরপর বারজানিকে পদত্যাগ করার জন্য আহ্বান জানায় বিরোধী দল গোরান। ইরাকের সঙ্গে কুর্দিদের সংকট সমাধানে একটি ন্যাশনাল স্যালভেশান গর্ভনমেন্ট বা জাতীয় মুক্তি সরকার গঠনেরও দাবি জানায় দলটি।
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের কুর্দিরা বাগদাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৫ সেপ্টেম্বর স্বাধীনতা প্রশ্নে গণভোট করে। গণভোটে কারকুকের কুর্দিরাও অংশ নিয়েছিল। কুর্দিস্তানের স্বাধীনতার পক্ষে বিপুল ভোট পড়ার পর থেকেই বাগদাদের সরকারের সঙ্গে তাদের সংঘাত দানা বাঁধতে শুরু করে।
তবে হাই পলিটিকাল কাউন্সিলের নেতা হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বারজানি।