আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পারওয়ান প্রদেশের রাজধানী ছারিকারে একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নগরীর কাছের একটি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্থানীয় কর্মকর্তা বলেন, আঠালো জাতীয় পদার্থ দিয়ে একটি বোমা ওই তেলের ট্যাঙ্কারে লাগিয়ে দেয়ার পর এটির বিস্ফোরণ ঘটে। এতে পাশেই থাকা বাসেও আগুন ধরে যায়।
সূত্র জানায়, এতে এক নারীসহ ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়। আহত অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।