সিরিয়া পরিস্থিতির অগ্রগতির জন্য বাশার আল আসাদ সরকারের ওপর চাপ প্রয়োগ করতে রাশিয়ার প্রতি আহ্ববান জানিয়েছে জার্মানি। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মারিয়া আদেবাহার। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, রাশিয়ার সোচি’তে সিরিয়া বিষয়ক শীর্ষ সম্মেলন যদি দেশটিকে রাজনৈতিক গতিশীলতার দিকে অগ্রসর করে তাহলে আমরা অবশ্যই তাকে স্বাগত জানাই।
সিরিয়া পরিস্থিতি নিয়ে বুধবার কৃষ্ণসাগর তীরবর্তী রাশিয়ার অবকাশ শহরে সোচি’তে রাশিয়া, তুরস্ক ও ইরানের ত্রিদেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সিরিয়া সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে সিরিয়ার রাজনৈতিক সংকট সমাধানে দেশটির সরকার ও বিরোধীদের ঐক্যবদ্ধ করতে জাতীয় কংগ্রেস গঠনের প্রস্তাবে একমত হয়েছে তিন দেশ। পরে এক সংবাদ সম্মেলনে সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, সিরিয়ার সরকার ও বিরোধীদের ঐক্যবদ্ধ করতে করতে ‘সিরিয়ান পিপলস কংগ্রেস’ গঠনের ব্যাপারে রাশিয়ার প্রস্তাবে একমত হয়েছে তুরস্ক ও ইরান। এই কংগ্রেস সিরিয়ার প্রধান জাতীয় সমস্যাগুলো সমাধানে কাজ করবে। সবার আগে তারা জাতিসংঘের তদারকিতে নির্বাচন করার জন্য নতুন সংবিধান প্রণয়নসহ দেশটির ভবিষ্যৎ কাঠামো দাঁড় করাবে।’
কংগ্রেস গঠনের তারিখ ও এতে কারা থাকবে তা এখনও বিস্তারিত বলা হয়নি। তবে আগামী ২৮ নভেম্বর সোচিতে অনুষ্ঠিতব্য জেনেভা সংলাপে কংগ্রেসটি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
পুতিন জানান, তিনি বিশ্বাস করেন সিরিয়া সংকট সমাধানে একটি নতুন মাত্রায় পৌঁছানো সম্ভব হয়েছে। এ সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য সব পক্ষকেই ছাড় দিতে হবে বলেও মনে করিয়ে দেন তিনি।
যৌথ সংবাদ সম্মেলনে এই তিন নেতা বন্দিদের মুক্তি দিয়ে যুদ্ধবিরতি কার্যকর করতে সব পক্ষের প্রতি জোরালো আহ্বান জানান। এছাড়া দেশটিতে মানবিক ত্রাণ সরবরাহ করা, সিরীয় খনিগুলো দখলমুক্ত করা ও ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনঃনির্মাণে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তারা।
তুরস্ক সিরিয়ার বিরোধীদের সহায়তা করে আসলেও প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। সিরিয়ার সরকার ও বিরোধীদের আলোচনায় বসতে ও দেশটিতে চারটি ‘নিরাপদ স্থান’ প্রতিষ্ঠায় চাপ সৃষ্টি করতে এর আগেও এই তিন দেশ সংলাপে অংশ নেয়। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স।