ইসরায়েলের সঙ্গে চক্রান্তের অভিযোগে লেবানিজ অভিনেতা গ্রেফতার

ইসরায়েলের সঙ্গে চক্রান্ত করে লেবাননের রাজনীতিবিদদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে এক লেবানিজ অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার লেবাননের নিরাপত্তা বাহিনী জিয়াদ ইতানি নামের ওই অভিনেতাকে গ্রেফতারের কথা জানায়। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জিয়াদ ইতানিলেবাননের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জিয়াদ ইতানির বিরুদ্ধে দেশের বর্তমান ও সাবেক আমলাদের গুপ্তহত্যার পরিকল্পনায় ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অপচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

কর্মকর্তারা জানান, কয়েক মাস ধরে নজরদারি ও তদন্তের পর গত বৃহস্পতিবার রাতে জিয়াদ ইতানিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তদন্তে তিনি তুরস্কে দুই ইসরায়েলি এজেন্টের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন। ওই এজেন্টরা কয়েকজন লেবানিজ রাজনীতিকের ওপর নজরদারি করছিল। ইতানি তাদের প্রথম সারির দুই লেবানিজ রাজনীতিকের ব্যাপারে তথ্য দেন।

ইতানি লেবাননের জাতিগত সংঘাত মোকাবিলায় নির্মিত অনেক নাটকে অভিনয় করেছেন। ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো ইয়েহিয়া জাবেরের লেখা ‘তারিক আল জাদ্দিদেহ’ নাটকে অভিনয় করেন। এতে লেবাননের গৃহযুদ্ধে একজন ভুক্তভোগীর চরিত্রে দেখা যায় তাকে।

১৯৪৮ সালে সাত লক্ষাধিক ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সময় থেকে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধাবস্থা বিরাজ করছে।