সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত জোটের লড়াই চলবে: সৌদি যুবরাজ

সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রিয়াদে দুই বছর আগে গঠিত এ জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সৌদি মালিকানাধীন এবং দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন খবরটি জানিয়েছে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান
যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘সন্ত্রাসীদের আমাদের শান্তির ধর্মকে বিকৃত করতে দেব না। তাদের কড়াভাবে জানাচ্ছি, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবো।’

যুবরাজ আরো বলেন, ‘আমরা দৃঢ়ভাবে ঘোষণা দিচ্ছি, সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তাদের (সন্ত্রাসীদের) খুঁজে বের করবো।’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০১৫ সালে ৪০টির মতো সদস্য দেশ নিয়ে ইসলামী সামরিক জোট গঠন করা হয়। আইএস দমনে আরব বিশ্ব কিছুই করছে না এমন সমালোচনার প্রেক্ষিতে জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। রিয়াদকে ভিত্তি করে জোটের যৌথ অভিযান পরিচালনা হবে বলে জানানো হয়।

শুক্রবার মিসরের সিনাই প্রদেশে একটি সুফি মসজিদে ভয়াবহ হামলায় তিন শতাধিক মানুষ মারা যাওয়ার পর সৌদি যুবরাজের এ ঘোষণা আসলো। কোনও গ্রুপই  হামলার দায় স্বীকার না করলেও হামলাকারীদের একজন আইএসের পতাকা নিয়ে এসেছিল বলে জানিয়েছেন দেশটি পাবলিক প্রসিকিউটর। এটা দেশটির উত্তর দিকের সিনাই প্রদেশের অন্যান্য চরমপন্থী ইসলামি দলগুলোকে উস্কানি দেবে বলে ধারণা করা হচ্ছে।