আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রত্যাহার হারিরির

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

4bn43de363f89ay7o0_800C450

প্রতিবেদনে বলা হয়, পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টি লেবাননের মন্ত্রিসভা নিশ্চিত করে সদস্যরা হারিরিকে ধন্যবাদ জানান।

মন্ত্রিসভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সমস্ত রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে যে, লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের স্বার্থে যেকোনো ধরনের দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ অথবা আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে তারা নিজেদেরকে দূরে রাখবে।’

গত ৪ নভেম্বর সৌদি সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। পদত্যাগের কারণ হিসেবে ইরান সমর্থিত শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেন তিনি। হারিরি বলেছিলেন, খুন হওয়ার ভয়েই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে বিশ্লেষকদের দাবি, সৌদি আরবের চাপেই পদত্যাগ করেছেন তাদের মিত্র হারিরি। হিজবুল্লাহ’র মুখোমুখি হতে ব্যর্থ হওয়ায় তাকে ‘সরিয়ে দিয়েছে’ সৌদি কর্তৃপক্ষ।

তবে তার পদত্যাগের সিদ্ধান্ত মেনে নেননি লেবানিজ প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি জানিয়েছিলেন, দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেবেন তিনি। এরপর দেশে ফিরেই সাদ হারিরি জানান, পদত্যাগ করছেন না তিনি। আর এবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলেন পদত্যাগপত্র।