জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রশ্নে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সংস্থাটির বর্তমান সভাপতি দেশের প্রধান হিসেবে তিনি এ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জেরুজালেম ইস্যুতে বুধবার মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এদিন তিনি বিষয়টি নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এসবেসি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে ফোনে কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্টের দফতর সূত্র জানিয়েছে, এরদোয়ান মুসলিম দেশগুলোর নেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে।
এরদোয়ান বলেন, পবিত্র বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মুসলিম উম্মাহ’র অনৈক্যের কারণে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ঔদ্ধত্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছে। ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, ইসরায়েলি প্রচেষ্টাকে সমর্থন দেওয়া শুধু আন্তর্জাতিক আইনেরই লঙ্ঘন নয়; বরং এটি মানবতার ওপর গুরুতর আঘাত।
এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র দায়েশ (আইএস) তৈরি করেছে। এরপর এখন তারা এই পথে হাঁটছে?
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, বর্তমান পরিস্থিতিতে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমেরিকার বিপজ্জনক সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিতে হবে।
তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রধান এজেন্ডাগুলোর মধ্যে ফিলিস্তিন, বায়তুল মুকাদ্দাস ও ইসরায়েলের অন্যায় তৎপরতা মোকাবিলা অন্যতম।
এর আগে ওআইসি’র এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইসরায়েল দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে সুস্পষ্ট আগ্রাসনের শামিল। সূত্র: আনাদোলু এজেন্সি, পার্স টুডে।