মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার হুমকি দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি নেতৃত্ব এই সিদ্ধান্ত মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে।
ইহুদি-খ্রিস্টান ও মুসলিম; তিন সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র ধর্মীয় স্থান জেরুজালেম। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ থেকে পিছু হটলেও ট্রাম্প আসলে শহরটিকে ইসরায়েলি রাজধানী ঘোষণা করার কথা জানান।
মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বুধবার জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিতে যাচ্ছেন ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্যেই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেন তিনি।
বুধবার মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়, দূতাবাস স্থানান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে হোয়াইট হাউস। তখনই মাহমুদ আব্বাস তা প্রত্যাখ্যানের কথা জানিয়েছিলেন। ট্রাম্পের ঘোষণার পর তিনি পদক্ষেপটিকে শান্তি স্থাপনে বাধা হিসেবে উল্লখ করেন।