ইয়েমেনে বুধবার নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন আঞ্চলিক জোট। রাজধানী সানায় চালানো এ হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ক্যাম্পটির একজন কর্মকর্তা জানান, হামলার পর ঘটনাস্থলে পরিচালিত উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ থেকে ৩৫টি মরদেহ উদ্ধার করা হয়।
সৌদি জোটের ইয়েমেন অভিযানে জোটের পক্ষ থেকে সচরাচর দাবি করা হয়, তারা কোনও বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করে না। তবে বুধবারের এ হামলার বিষয়ে জোটের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
২০১৫ সালে ইয়েমেনে সৌদি জোটের এ সামরিক আগ্রাসন শুরু হয়। হামলার তীব্রতায় বিগত কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখোমুখি অবস্থায় পতিত হয়েছে ইয়েমেন। জরুরিভিত্তিতে ত্রাণ সরবরাহ করা না হলে দেশটির লাখ লাখ মানুষকে না খেয়ে থাকতে হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
এ বছরের নভেম্বরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকক সৌদি জোটকে ইয়েমেনের ওপর থেকে অবেরাধ তুলে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি নিরাপত্তা পরিষদকে বলেছি যদি এই অবরোধ তুলে নেওয়া না হয়; তবে ইয়েমেন বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের কবলে পড়বে।’ জাতিসংঘের আশঙ্কা, প্রায় ৭০ লাখ ইয়েমেনি আসন্ন দুর্ভিক্ষের শিকার হতে পারেন। বিশ্ব সংস্থার এমন সতর্কবার্তার মধ্যেই বুধবার দেশটিতে নতুন করে হামলা চালালো সৌদি জোট।