জেরুজালেমে ইস্যুতে আগের অবস্থানেই ইইউ

ইসরায়েল-ফিলিস্তিনি সহিংসতায় আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, এখনও দ্বি-রাষ্ট্র সমাধান সমর্থন করে তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদামাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

donald-tuskপ্রতিবেদনে বলা হয়, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনের সময় এক টুইট বার্তায় এসব কথা জানান টাস্ক। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের নেতারা এখনও দ্বি-রাষ্ট্র সমাধানে আশাবাদী এবং জেরুজালেম নিয়ে তাদের অবস্থান আগের মতোই।

গত ৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, খুব শিগগিরই তেল আবিব থেকে ইসরায়েলে দূতাবাস সরিয়ে নেওয়া হবে। এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় ওঠে। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। কথা বলেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসও।

এছাড়া সহিংস বিক্ষোভও ছড়িয়ে পরে মুসলিম বিশ্বে। রাজপথে নেমে আসেন ফিলিস্তিনি নাগরিকরা। ফিলিস্তিন ছাড়য়ে এই প্রতিরোধ ছড়িয়ে পড়ে অন্যান্য দেশগুলোতেও। সব জায়গায় আন্দোলন হয় মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে।

বুধবার এই ইস্যুতে জরুরি বৈঠকে বসে ওআইসি। তারা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাজধানীর স্বীকৃতি দেন।