লাহোরে নতুন রাজনৈতিক দলের দফতর খুললেন হাফিজ সাঈদ

পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন জামাত উদ দাওয়া লাহোরে নিজেদের একটি রাজনৈতিক দলের দফতর খুলেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, সংগঠনটির প্রধান হাফিজ সাঈদ রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ‘মিল্লি মুসলিম লীগ’ নামের দলটির দফতর উদ্বোধন করেন।

হাফিজ সাঈদ
সন্ত্রাসী হামলায় মদদ দেয়ার অভিযোগে বেশ কিছুদিন গৃহবন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন হাফিজ সাঈদ। রবিবার তিনি এনএ-১২০ আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। লাহোরে ‘মিল্লি মুসলিম লীগ’ এর কার্যালয়ও উদ্বোধন করেন তিনি।

ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী নেতা হাফিজ সাঈদ তার রাজনৈতিক দলের দফতর লাহোরের এমন এলাকায় খুললেন যেটি পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রভাব-বলয় হিসেবে পরিচিত। ২০১৩ সালের পার্লামেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বারও প্রধান হাফিজ সাঈদ। ভারতের মুম্বাই শহরে ২০০৮ সালে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সাঈদকে অভিযুক্ত করেছে নয়াদিল্লি। ওই হামলায় ১৬৪ জন নিহত হয়েছিল। পাকিস্তান তাকে ভারতের হাতে তুলে দেয়ার দাবি প্রত্যাখ্যান করে আসছে। সম্প্রতি লাহোর হাইকোর্টের নির্দেশ হাফিজ সাঈদ গৃহবন্দিদশা থেকে মুক্তি পান, যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত।