জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন দেশটির বিপুল সংখ্যক মানুষ। এ সময় বিক্ষোভকারীরা বেকারত্ব ও দারিদ্র্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আওয়াজ তোলেন। অনেকে প্রেসিডেন্ট হাসান রুহানিকে স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন। মধ্যপ্রাচ্যের অন্য দেশে নজর না দিয়ে নিজ দেশের জনগণের প্রতি নজর দিতে তারা সরকারের প্রতি আহ্বান জানান। স্লোগান তোলেন, ‘সিরিয়াকে ভুলে যাও; আমাদের কথা চিন্তা কর।’
ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় মাশাদ শহরের গভর্নর মোহাম্মদ রহিম নওরোজিয়ান দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা'র কাছে এ বিক্ষোভকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, প্রয়োজনীয় বার্তা দেওয়ার পর পুলিশ যথেষ্ট সহনশীলতা নিয়ে তাদের মুখোমুখি হয়েছে। এ সময় সরকারি সম্পদের ক্ষতি করার চেষ্টার দায়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
Breaking news-Thousands protest in Mashhad (second most populous city located in northeast #Iran), and other cities today, chanting “death to Rouhani”, “death to dictator” “forget about Syria, think about us.” They were protesting the rise in the living costs. pic.twitter.com/wprzRzZb3c
— Shahin Gobadi (@gobadi) December 28, 2017
ইরনা’র খবরে বলা হয়েছে নেশাবুর, শাহরৌদ, ইয়াজদ শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য বিনিয়োগ ঘাটতির কারণে ইরানের অর্থনীতি চাপের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারি হিসাবে দেশটিতে বেকারত্বের হার ১২ শতাংশ। কিন্তু বাস্তবে এ হার আরও অনেক বেশি।
সরকারি এক হিসাব অনুযায়ী, ইরানের আট কোটি মানুষের মধ্যে ৩২ লাখ মানুষই বেকারত্বে ভুগছেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।