ফিলিস্তিনি এমপি জাররারকে আটকের মেয়াদ বাড়িয়েছে ইসরায়েল

 

 

ফিলিস্তিনি আইনপ্রণেতা খালেদা জাররারকে প্রশাসনিক আটকের মেয়াদ বাড়িয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট। কোনও অভিযোগ বা বিচার ছাড়াই নিরাপত্তার অজুহাতে তাকে ৬ মাস ধরে আটক রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি আইনপ্রণেতা খালেদা জাররার

পরিচিত সূ্ত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বলেছে, ইসরায়েলের নিরাপত্তায় হুমকি হতে পারেন এমন অজুহাতে ফিলিস্তিনি এমপি জাররারকে প্রশাসনিক আটকের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে।

গত জুলাই মাসে ৫৪ বছর বয়সী জাররারকে রামাল্লাহ থেকে অপহরণ করা হয়। এরপর থেকে তাকে প্রশাসনিক আটক রাখা হয়েছে। তিনি ‘পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন’ (পিএফএলপি) দলের অন্যতম নেতা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিভিন্ন নীতি কৌশলের কড়া সমালোচনাকারী।

এরই মধ্যে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দিলে ফিলিস্তিনিদের ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধ শুরু হয়েছে। ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া ইন্তিফাদায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নারী ও শিশুসহ গ্রেফতার করা হয়েছে ৬২০ জনকে। এমনকি ছোট শিশুদের ধরে নিয়ে খাঁচায় বন্দি করে রাখার মতো বর্বরোচিত ঘটনাও ঘটেছে।

প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব (পিপিসি)-এর হিসাবে, ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতারকৃত ফিলিস্তিনিদের মধ্যে ১২ জন নারী এবং ১৭০ শিশুও রয়েছে। এছাড়া আহত অবস্থায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।