যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি পাকিস্তানের

ইসলামাবাদকে নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের সাম্প্রতিক আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের পাকিস্তানি দূত মালিহা লোধি। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র পাকিস্তানের মর্ম বুঝতে না পারলে দেশটির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।’ পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি জানিয়েছে।

মালিহা লোধি
২০১৮ সালের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বাক যুদ্ধ চলছে। ওই টুইটে পাকিস্তানকে আর্থিক সহযোগিতা বন্ধের হুমকি দেন ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেন, পাকিস্তান সহিংস জঙ্গিদের আশ্রয় ও তাদের সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেন জাতিসংঘের মার্কিন দূত নিকি হ্যালি।

ডনের প্রতিবেদনে বলা হয়, বুধবার মালিহা লোধি মার্কিন দূত হ্যালির সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছেন। তার দাবি,যুক্তরাষ্ট্র নিজের ভুল ও ব্যর্থতা অন্যের উপর চাপাচ্ছে।লোধি বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান সবচেয়ে বেশি অবদান রাখার পাশাপাশি ত্যাগও স্বীকার করেছে।

লোধির দাবি, যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরশীল হয়ে পাকিস্তান সন্ত্রাসবাদবিরোধী লড়াই করছে না। বরং জাতীয় স্বার্থ ও নীতিমালার কারণেই পাকিস্তান এ লড়াই চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য,  ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বোকার মতোই পাকিস্তানকে গত ১৫ বছরে ৩৩ বিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে। বিপরীতে তারা আমাদের মিথ্যা ও শঠতা ছাড়া কিছুই দেয়নি। তারা আমাদের নেতাদের বোকা ভাবছে।’
ট্রাম্প আরও লিখেছেন, ‘আমরা আফগানিস্তানে যেসব সন্ত্রাসীদের তাড়া করছি তাদের নিরাপদ আশ্রয় দিচ্ছে পাকিস্তান। আমাদের কোনও সহযোগিতা করছে না। আর না।’