জঙ্গি গোষ্ঠী আইএসের সদস্য সিদ্ধার্ত ধার ও আবদেল লতিফ গাইনিকে স্পেশালি ডেজিগনেটেড সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
নব্য সন্ত্রাসী গোষ্ঠী আল মুহাজিরুনের শীর্ষস্থানীয় সদস্য সিদ্ধার্ত ধার। ২০১৪ সালের শেষ দিকে যুক্তরাজ্য ছেড়ে তিনি সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেন। তিনি ‘জিহাদি জন’ এর স্থলাভিষিক্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েকজনকে শিরশ্ছেদ করার একটি ভিডিওতে দেখা যায় তাকে।
আবদেল লতিফ গাইনি একজন বেলজিয়ান-মরোক্কান নাগরিক। মধ্যপ্রাচ্যে আইএসের হয়ে লড়াই করেছেন তিনি। যুক্তরাজ্য বাস করা আইএস সমর্থক মোহাম্মদ আলি আহমেদ ও হামজা আলির সঙ্গে যোগাযোগ রয়েছে তার, যারা ২০১৬ সালে সন্ত্রাসের দায়ে দণ্ডপ্রাপ্ত।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো যাচ্ছে যে ধার ও গাইনি সন্ত্রাসের হুমকি দিয়ে আসছে। তারা মার্কিন অর্থনৈতিক কাঠামোতে নিষিদ্ধ এবং তাদের ধরতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীসহ সব দেশই সহায়তা করবে।