বেনগাজিতে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে

লিবিয়ার বেনগাজিতে মসজিদের পাশে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলায় ৩৫ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। হতাহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক লোকজন রয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameপ্রথম হামলাটি চালানো হয় বেনগাজির আল সালমানি এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি মসজিদের সামনে। সন্ধ্যায় নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। এর ১৫ মিনিটের মাথায় দ্বিতীয় গাড়িবোমা হামলাটি চালানো। তবে এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ২০১১ সালে দেশটির সাবেক নেতা মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর এ ধরনের হামলায় এটিই সবচেয়ে বড় ধরনের প্রাণহানি।

বেনগাজি এলাকা নিয়ন্ত্রণ করছে দেশটির প্রভাবশালী লিবিয়ান ন্যাশনাল আর্মি। এর নেতৃত্বে রয়েছেন দলত্যাগী জেনারেল খলিফা হাফতার। ২০১১ সালে লিবিয়ায় রাজনৈতিক সংকটের শুরুর দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।