সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় গুহায় তৈরি একটি হাসপাতালে ক্ষতিগ্রস্ত হয়েছে। একে দেশটির অন্যতম সুরক্ষিত হাসপাতাল বিবেচনা করা হতো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, হামা প্রদেশে পাথরের ৬০ ফিট নিচে হাসপাতালটি তৈরি। একে দেশটির সবচেয়ে সুরক্ষিত হাসপাতালগুলোর মধ্যে একটি বিবেচনা করা হয়। তবে বৃহস্পতিবারের হামলার পর এর কার্যক্রম বন্ধ আছে।
এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ত্রাণ কর্মীরা জানিয়েছেন এটা সিরিয়ার গৃহযুদ্ধে সবচেয়ে ভয়াবহ বিমান হামলার একটি।
এদিকে জাতিসংঘ জানিয়েছে বিরোধপূর্ণ এলাকাগুলোতে এখন আর ত্রাণ পৌঁছাচ্ছে না। ইউনিয়ন অব মেডিকেল কেয়ার এন্ড রিলিফ অর্গানাইজেশন জানায়, আল মাঘারা নামের ওই হাসপাতালে অন্তত পাঁচটি মিসাইল হামলা চালানো হয়।
সংস্থাটির মুখপাত্র অভি ডিসুজা বলেন, একে সিরিয়ার সবচেয়ে সুরক্ষিত হাসপাতাল মনে করা হতো। হামলার খবর জানতে পেরে আগে থেকেই হাসপাতাল কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। এজন্য কেউ হতাহত হননি।
সংস্থাটি জানায়, এই হাসপাতালের মাধ্যমে ৫০ হাজার মানুষ চিকিৎসা পেতেন। মাসে ১৫০টি বড় অপারেশন হতো্। চলতি মাসেই ১৪টি হাসপাতাল বিমান হামলার শিকার হয়।
জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ায় ২০১১ সালে আসাদবিরোধী আন্দোলনের মুখে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। আর প্রায় এক কোটি মানুষ হয়েছে বাস্তুহারা।