ভেনেজুয়েলায় সামরিক অভ্যুত্থান আসন্ন বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ল্যাটিন আমেরিকা সফরকে সামনে রেখে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) টেক্সাস বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে এ আশঙ্কা জানান তিনি। টিলারসনের দাবি, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরকার বদলের পরামর্শ দিচ্ছে না কিংবা এ ধরনের পরিকল্পনা সংক্রান্ত কোনও গোয়েন্দা তথ্যও তার হাতে নেই; তবে ভেনেজুয়েলা ও দক্ষিণ আমেরিকান দেশগুলোর রাজনৈতিক পট পরিবর্তনের ঐতিহাসিক ধারা অনুযায়ীই তার এ আশঙ্কা হচ্ছে বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
টিলারসন
ল্যাটিন আমেরিকা সফরের অংশ হিসেবে মেক্সিকো, আর্জেন্টিনা, পেরু, কলম্বিয়া ও জ্যামাইকা যাবেন টিলারসন। এ সফরকে সামনে রেখে বৃহস্পতিবার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে যান তিনি। সেখানে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উপহাস করে টিলারসন বলেন, মাদুরোর উচিত কিউবাতে আশ্রয় নেওয়া।
ভেনেজুয়েলা সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলা ও দক্ষিণ আমেরিকান দেশগুলোতে প্রায়ই সেনাবাহিনীকে পরিবর্তনের এজেন্ট হতে দেখা যায়। যখন সবকিছু বাজে অবস্থায় থাকে এবং দেশের নেতৃত্ব যখন জনগণকে সেবা দিতে ব্যর্থ হয় তখন এ ধরনের পরিস্থিতি দেখা দেয়।’
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা টিলারসনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সবার জন্য শত্রু বলে বিবেচিত হয় এমন দেশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ল্যাটিন আমেরিকান রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছেন তিনি। কিউবার হাভানায় রাষ্ট্রীয় সফরে গিয়ে আরিয়াজা বলেন, ‘সাম্রাজ্যবাদ আমাদের শত্রু। ভেনেজুয়েলা ও মধ্য আমেরিকান অভিবাসীদের ট্রাম্প যেভাবে আক্রমণ করছেন সে একই কায়দা তিনি মেক্সিকোর বিরুদ্ধেও ব্যবহার করছেন। সাম্রাজ্যবাদ কোনও কিছুকেই সম্মান দিতে জানে না।’
ভেনেজুয়েলায় এপ্রিলের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করবেন মাদুরো। বরাবরই তিনি অভিযোগ করে আসছেন তাকে ক্ষমতাচ্যুত করতে আন্তর্জাতিক চক্রান্তের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।