রুশ বিমান ভূপাতিত করে পাইলটকে হত্যা সিরীয় বিদ্রোহীদের

সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত করে অপহরণ করা পাইলটকে হত্যা করেছে সিরীয় বিদ্রোহীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

download

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিদ্রোহীরা বিমানটি ভূপাতিত করে প্রথমে পাইলটটে আটক করে। এরপর তার নিহত হওয়ার খবর পাওয়া যায়।

শনিবার বিদ্রোহীদের একটি গোষ্ঠী রাশিয়ার সুখই-২৫ যুদ্ধবিমানকে গুলি ছোড়ে ভূপাতিত করে। প্যারাসুট নিয়ে পাইলট নিচে নামলে তাকে বন্দি করা হয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিদ্রোহীদের কোন অংশ বিমানটি ভূপাতিত করেছে তা নিশ্চিত করতে পারেননি সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে বিমানটি ভূপাতিত করা হয়। প্যারাসুট নিয়ে চালক পালানোর চেষ্টা করলেও মাটিতে তাকে হত্যা করা হয়।

বিদ্রোহীদের ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, বিমানের ভাঙা অংশ পড়ে আছে এবং চালককে ঘিরে রেখেছে বিদ্রোহীরা। তাদের দাবি, এই যুদ্ধবিমানটি বেসামরিক নাগরিকদের হত্যা করছিল।

সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে আসাদের সমর্থনে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।  তাদের বিরুদ্ধে সম্প্রতি সাতজন বেসামরিক হত্যা করার অভিযোগ উঠেছে।  শনিবার সারাকেবেই পাঁচজন নিহত হয়েছেন রুশ বিমান হামলায়।

আট বছর ধরে সিরিয়ার গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এক কোটিরও বেশি মানুষ।