এক মাসে অর্ধসহস্রাধিক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল



গত জানুয়ারি মাসেই পাঁচ শতাধিক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে ৯২ জন শিশু ও ১৮ জন নারী রয়েছেন। ফিলিস্তিনি কারাবন্দিদের সংগঠন প্যালেস্টাইন প্রিজনার সেন্টার ফর স্টাডিজের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ইসারায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি শিশু

গতবছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। তার এই সিদ্ধান্তে সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে। ঘোষণার পরপরই ফিলিস্তিনজুড়ে রাস্তায় নেমে আসেন মুক্তিকামী ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ে ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু বিক্ষোভকারী। তারপরও দমে যাননি মুক্তিকামী মানুষেরা। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা।
প্যালেস্টাইন প্রিজনারস সেন্টার ফর স্টাডিজের মুখপাত্র রিয়াদ আল আসকার বলেন, জানুয়ারি মাসে নারী ও শিশুসহ মোট ৫২০ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। বিষয়টি নিয়ে তারা রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ফিলিস্তিনি শিশুটিকে আটক করেছে ইসরায়েল
প্রতিবেদনে জানানো হয়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভের সময় বেশিরভাগকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অনেক বেসামরিক লোককে বাড়ি থেকেও গ্রেফতার করা হয়েছে। এমনকি কাজে ব্যস্ত থাকার সময়ও ইসরায়েলি বাহিনী গ্রেফতার করেছে অনেককে। আর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানা অভিযোগও আনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে গ্রেফতারকৃতদের মধ্যে সর্বকনিষ্ঠ শিশুটির বয়স ১১ বছর। তার নাম সাইদ শুক্কুর। এছাড়া আহমেদ জাকজুক (১৪), মোহামেদ আল হাজ (১৫) ও আহমেদ সালালদেহ (১৬) নামে তিন কিশোরকে গ্রেফতারের আগে গুলি করে আহত করেছে ইসরায়েলি বাহিনী। সালালদেহের পায়ে মারণাস্ত্র দিয়ে গুলি করা হয়। ইসরায়েলি বাহিনী ১৫ নারী ও তিন মেয়ে শিশুকেও গ্রেফতার করেছে। হেবরন শহরের ইব্রাহিমি মসজিদের কাছ থেকে গ্রেফতার করা ওই তিন মেয়ে সম্পর্কে তিন বোন। তাদের একজন রাজান আবু সালকের বিরুদ্ধে ছুরি পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে। তাকে ৪৫ দিনের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসে সেখান থেকে আরও ১২ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। আর বেথেলহামের শহরের কাছ হিসাম ঘোনেম নামে এক প্রতিবন্ধী কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ফিলিস্তিনি সংসদ সদস্য ওমার মাহমুদ আবদেল রাজেককে আটক করেছিল ইসরায়েল। তবে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আটকের পর নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা
আল আকসার আরও বলেন, জানুয়ারি মাসে ইসরায়েলি আদালত একশটি প্রশাসনিক আদেশ দিয়েছে যার মধ্যে ৪৬টি নতুন আদেশ রয়েছে। বাকি ৫৪টি আদেশে পুরোনো আদেশকে নবায়ন করা হয়েছে।
জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হলে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। বিপরীতে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ভোট দেয় মাত্র ৯টি দেশ। ভোটদান থেকে বিরত ছিল ৩৫ দেশ।