সিরিয়ার পূর্ব ঘাউটায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর বিমান হামলায় অন্তত ৫৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে হোয়াইট হেলমেট। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই আসাদ বাহিনী বিমান হামলা শুরু করেছে।
এদিকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দেইর আল জরে শতাধিক আসাদপন্থী সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, বুধবার তাদের সমর্থিতি সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর ওপর অতর্কিত হামলার জবাবেই এই পদক্ষেপ নিয়েছে তারা। পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘এসডিএফ আত্মরক্ষার্থে এই কাজ করেছে।’
পূর্ব ঘাউটায় চার লাখ মানুষের বসবাস। গৃহযুদ্ধ শুরুর পর থেকেই গত পাঁচবছর ধরে এখানে সংঘাত চলছেই। জাতিসংঘের মতে সিরিয়ায় গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ মারা গেছেন।