সিরিয়া থেকে ওড়ানো একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে ইসরায়েলের সেনাসূত্রের বরাতে বলা হয়েছে, ড্রোন ওড়ানোর জবাবে শনিবার সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
মধ্যপ্রাচ্যভিত্তিক আধিপত্যের রাজনীতিতে ইসরায়েল আর ইরানের অবস্থান পরস্পরের বিপরীতে। সৌদি-ইসরায়েল মৈত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির অনুসারী। বিপরীতে ইরানের অবস্থান মার্কিন আধিপত্যের বিপরীতে।সিরিয়ায় মার্কিন আধিপত্যের বিরোধী হওয়ার কারণেই ইরান সিরীয় যুদ্ধে আসাদ সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েল সবসময়ই তাদের ওপর ইরানি হামলার আশঙ্কার কথা প্রচার করে আসছে।গত বছরের ডিসেম্বরে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যেকোনও সময় ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর হুমকি দেন।
শনিবার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে,ইসরায়েলকে লক্ষ্য করে সিরিয়া থেকে ওড়ানো একটি ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে সমন্বিত ইসরায়েলি যুদ্ধ-হেলিকপ্টার। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অল্প সময়ের মধ্যেই ড্রোনটি শনাক্ত করতে সক্ষম হয়।শনাক্ত করার পর থেকেই এটি নজরদারিতে ছিলো বলে দাবি করা হয় ও বিবৃতিতে। ইরানি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি সিরিয়ায় ইরানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালায়।
হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।