বাহরাইনে ইরান সমর্থিত ১১৬ ‘সন্ত্রাসী’ গ্রেফতার

বাহরাইনে ইরান সমর্থিত ১১৬ ‘সন্ত্রাসীকে’ গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ড নস্যাৎ করে দেওয়া হয়েছে। শনিবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

nonameবিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন সন্ত্রাসীরা ইরানের রেভ্যুল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) কর্তৃক গঠিত একটি নেটওয়ার্কের সদস্য।

গ্রেফতারকৃতদের মধ্যে ৪৮ জন ইরান, ইরাক ও লেবানননে ইরানের রেভ্যুল্যুশনারি গার্ডসের ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা বাহরাইনের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করেছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে ৪২ কেজি বিস্ফোরণ জব্দ করা হয়।

বাহরাইন সরকার দীর্ঘদিন থেকেই দেশটিতে জঙ্গি তৎপরতায় পৃষ্ঠপোষকতার জন্য ইরানকে দায়ী করছে। ২০১৭ সালের নভেম্বরে বাহরাইনের একটি তেল পাইপলাইনে বোমা হামলার ঘটনায় তেহরানের বিরুদ্ধে অভিযোগ আঙ্গুল উঠে। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। গত ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, বাহরাইন সরকারের অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। ইরানের বিরুদ্ধে এ ধরনের ‘কল্পিত’ অভিযোগ করা থেকে বিরত থাকতে তিনি মানামার প্রতি আহ্বান জানান।