ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির জন্য ২০১৮ সালে দেশটিকে ৭০ কোটি ৫০ লাখ ডলার অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যানের টুইটকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর খবরটি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাৎসরিক সহায়তা হিসেবে এটিই ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বরাদ্দ।
২০১৬ সালে ইসরায়েলের জন্য ৩,৮০০ কোটি ডলার মূল্যের ১০ বছর মেয়াদী সহায়তা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এটিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহায়তা চুক্তি। ইসরায়েলকে ‘বিপজ্জনক প্রতিবেশীদের থেকে রক্ষার’ কথা বলে রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। ইসরায়েল জানিয়েছে ২০১৮ সালে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির উন্নয়নে বিপুল পরিমাণ সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
টুইটারে আভিগদর লিবারম্যান লিখেছেন: ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাবদ মার্কিন কংগ্রেস ইসরায়েলের জন্য সবচেয়ে বড় প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছে। ২০১৮ সালে ৭০ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেওয়া হবে। আমরা বহু-টায়ারবিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ চালিয়ে যাব।’
যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ‘সেরা বন্ধু’ উল্লেখ করে ধন্যবাদ জানান লিবারম্যান। ইসরায়েলের আকাশকে প্রতিরক্ষা দিতে দেশটি সাড়ে ছয়শো কোটি ডলার বিনিয়োগ করেছে বলেও উল্লেখ করেন তিনি।