২০১৮ সালের এপ্রিলকে ‘জাতীয় যৌন নিপীড়ন বিষয়ক সচেতনতা এবং প্রতিরোধ মাস’ মাস ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খোদ নিজের বিরুদ্ধে যৌন অসদাচরণের অন্তত ১৫টি সুনির্দিষ্ট অভিযোগ মাথায় নিয়ে তিনি এ ঘোষণা দিলেন। শুক্রবার হোয়াইট হাউসের দাফতরিক ওয়েবসাইটে প্রেসিডেন্টের এ ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে যৌন সহিংসতার মতো বিষয়গুলোতে সচেতনতা গড়ে তোলা এবং তা প্রতিরোধে কাজ করার অঙ্গীকারের কথা বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রায়ই যৌন হয়রানির শিকার হওয়া ব্যক্তিরা মুখ খোলেন না। তাদের মধ্যে হয়তো যৌন হয়রানিকারীর কাছ থেকে শাস্তিমূলক আচরণ পাওয়ার ভয় কাজ করে, বিচার ব্যবস্থায় আস্থার অভাব কিংবা তাদের আতঙ্কজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার প্রশাসন যৌন হামলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে আমরা অপরাধীদের শনাক্ত করতে ঘটনার শিকার নারীদের ক্ষমতায়নে অঙ্গীকারাবদ্ধ। সূত্র: ইয়াহু।