মস্কোতে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সোমবার শুরু হয়েছে।বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উভয়দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, আলোচনায় রোহিঙ্গা ইস্যু ও দ্বিপক্ষীয় বাণিজ্যবৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে।
বৈঠকের শুরুতে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে। গত দুই বছরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার চারবার বৈঠক হয়েছে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান সার্বিক সুসম্পর্কের প্রমাণ।
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর একটি রাশিয়া, উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকেই রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পারস্পারিক শ্রদ্ধাবোধ ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক রয়েছে। রাশিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ অন্যান্য দ্বিপাক্ষিক সহযোগিতার কথাও উল্লেখ করেছেন তিনি।
বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, মন্ত্রী পর্যায়ের বৈঠকটিতে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আলোচনায় রোহিঙ্গা সমস্যা বিশেষ গুরুত্ব পাবে।
রোহিঙ্গা ইস্যু ছাড়াও উভয় পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাসকে জানিয়েছেন, ২০১৭ সালে দেশ দুটির মধ্যে রেকর্ড পরিমাণ বাণিজ্য হয়েছে যার পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৪০০ কোটি ডলার।
প্রতিবেদনে বাংলাদেশের রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে দুই দেশের সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রোসাটম স্টেট নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও ভারতের ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জির মধ্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।