সিরিয়ায় আইএস-এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইরাকের বিমান বাহিনী। ইরাকি সরকারি সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলায় ইরাকি বাহিনী এফ-১৬ জঙ্গিবিমান ব্যবহার করেছে। ইরাকি সেনাসূত্রের বরাতে তেহরানভিত্তিক পার্সটুডে জানিয়েছে, এটি সিরিয়ার সঙ্গে ইরাকের সমন্বিত হামলা ছিল।
ইরাক আগেই হুমকি দিয়ে রেখেছিল, প্রয়োজন হলে সিরিয়ার সরকারের অনুমতি নিয়ে তারা দেশটির অভ্যন্তরে বিমান হামলা চালাবে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির কার্যালয় থেকে আজ (বৃহস্পতিবার) দেয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরাক সীমান্তে সিরিয়ার ভেতরে আইএস-এর অবস্থানে হামলা করেছে ইরাকি বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুলকে উদ্ধৃত করে জানান, সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করেই ইরাকের এফ-১৬ বিমানগুলো আইএসের অবস্থানে হামলা চালিয়েছে।
আল জাজিরা ও পার্সটুডের খবরে বলা হয়েছে, সিরিয়ার সরকার যখন পূর্ব ঘৌটা ও দুমা শহরসহ রাজধানী দামেস্কের আশপাশে ব্যাপক অভিযান চালাচ্ছে তখন ইরাকি বিমান বাহিনী সিরিয়ার ভেতরে হামলা চালাল। উগ্র সন্ত্রাসীরা নতুন করে দেশটির জন্য হুমকি সৃষ্টি করেছিল; এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর নির্দেশে এ হামলা চালানো হয়।