সিরিয়ায় পূর্ব ঘৌটার দৌমায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞরা পৌঁছেছেন। সেখানে বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অর্গানাইজেশন অব দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্সের (ওপিসিডব্লিউ) তদন্তকারীরা বেশ গত শনিবার থেকে সিরিয়ার দামেস্কে অবস্থান করে তদন্ত শুরু করার অপেক্ষায় আছেন।
গত ৭ এপ্রিল বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমায় রাসায়নিক গ্যাস হামলা চালানো হয় বলে অভিযোগ করে আসছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী জইশ আল ইসলাম ও পশ্চিমাভিত্তিক বেশ কয়েকটি মেডিকেল ত্রাণ সংস্থা। সে ঘটনায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন। ওই হামলার পর চুক্তি করে সেখানে থেকে চলে গেছে বিদ্রোহীরা। শহরটি এখন সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে পশ্চিমারা অভিযোগ করলেও সিরিয়া ও তার মিত্র রাশিয়া তা অস্বীকার করে আসছে। এই রাসায়নিক হামলার অভিযোগ সামনে রেখে ইতোমধ্যে সিরিয়ার তিনটি সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে যু্ক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ওপিসিডব্লিউ জানায়, তারা হামলার দুটি স্থান পরিদর্শন করেছেন। প্রাপ্ত নমুনাগুলো হেগের রিজসিক পরীক্ষাগারে পাঠানো হবে।