ইসরায়েলি ‘আয়রন ডোম’ কিনছে সৌদি আরব?

এক সুইস পত্রিকাকে উদ্ধৃত করে তেহরানভিত্তিক পার্সটুডে খবর দিয়েছে, সৌদি আরব ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘আয়রন ডোম’ কেনার পরিকল্পনা নিয়েছে। সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রচেষ্টা চলমান থাকা অবস্থায় এ খবর জানা গেল।

ইসরায়েলি আইরন ডোমসুইস পত্রিকা বাসলার যেইতুং-কে (Basler Zeitung) উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সৌদি বিশেষজ্ঞরা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একটি সমরাস্ত্র প্রদর্শনীতে আয়রন ডোমের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন। তাদের দাবি, অদূর ভবিষ্যতে রিয়াদ কর্তৃক ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।

সুইস দৈনিককে উদ্ধৃত করে খবরে আরো বলা হয়েছে, সৌদি বিশেষজ্ঞরা আয়রন ডোম ছাড়া ইসরায়েলে তৈরি আরো কিছু সমরাস্ত্র কেনারও চিন্তাভাবনা করছেন। এসব অস্ত্রের মধ্যে রয়েছে, ট্যাংকে স্থাপনযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা ‘ট্রফি অ্যাকটিভ প্রোটেকশন’। শত্রুপক্ষের নিক্ষিপ্ত রকেটসহ অন্যান্য প্রোজেক্টাইল শনাক্ত করে তা ধ্বংস করে দিতে এ ব্যবস্থা ট্যাংকে বসানো হয়।

পার্সটুডের খবরে বলা হয়েছে, ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞ মহলে যথেষ্ট সংশয় রয়েছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক থিওডোর এ. পোস্টোলকে উদ্ধৃত করে তারা দাবি করেছে, ওই বিশেষজ্ঞ বলেছিলেন, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দিক দিয়ে আয়রন ডোমের কার্যকারিতা শতকরা পাঁচ ভাগেরও কম।