রাখাইন পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল

মিয়ানমার সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের রাখাইন পরিদর্শনের খবর দিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। মঙ্গলবার ওই মার্কিন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত খবরে প্রতিনিধিদলের সেখানকার তংপু ও হ্লা ফো খং গ্রাম ঘুরে দেখার খবর প্রকাশিত হয়েছে। এরআগে সোমবার রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ও সেনাপ্রধান মিং অন হ্লাং-সহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তারা।

f-rohingya-a-20180502-870x580

৩০ এপ্রিল (সোমবার) প্রতিনিধি দল মিয়ানমারে পৌঁছানোর পর জাতিসংঘ মুখপাত্র  স্টিফেন ডুজারিক সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে সাংবাদিকদের জানান, মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছানোর পর সু চি ও মিন অং হ্লাং ছাড়াও সরকার, আইনপ্রণেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল। ওয়াশিংটন পোস্টের (১ মে, সোমবার)আজকের খবরে বলা হয়েছে, এদিন রাখাইনের দুইটি গ্রাম ঘুরে দেখেছেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ সদস্য বিশিষ্ট দলটির নেতৃত্ব দেন নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ‍গুস্তাভো মেজা-কদ্রা। পরিদর্শনের সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা ও মন্ত্রীরা। মংডুর প্রশাসক মিন্ত খিন বলেন, প্রতিনিধি দলটি তংপু ও হ্লা ফো খং পরিদর্শন করবেন।

গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ আখ্যা দিয়েছে। রাখাইনের সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে এইসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর জাতিসংঘের উচ্চপর্যায়ের কোনও প্রতিনিধি দলের এটাই প্রথম মিয়ানমার সফর।