আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি পুলিশ স্টেশনে কমপক্ষে তিনটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তারা এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে এতে তাৎক্ষনিকভাবে ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। এক আফগান আইন প্রণেতা মোহাম্মদ হাসিম জানিয়েছেন, গত দুইদিন ধরে ফারিয়াব প্রদেশের বিলচ্রিগ জেলা কার্যালয় অবরোধ করে রেখেছে তালেবান যোদ্ধারা। পাশের কয়েকটি গ্রামও অবরুদ্ধ করে রেখেছে তারা।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস বলেছেন বুধবার কাবুলের পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনের প্রথম হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। পরে কাবুলের কেন্দ্রস্থলে আরেকটি পুলিশ স্টেশনের প্রবেশপথে আরও দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
কাবুলের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আসাম জানিয়েছেন হামলার ঘটনায় ৬ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও তালেবান ও আইএস দেশটির পশ্চিমা দেশগুলোর সমর্থিত সরকার ও বাহিনীকে নিয়মিত লক্ষ্যবস্তু বানায়।
গত সপ্তাহে কাবুলে একই জায়গায় পরপর দুটি আত্মঘাতী হামলায় নয় সাংবাদিকসহ ২৫ জনের প্রাণহানি ঘটে।