সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, বুধবার দামেস্কের কাছে অবস্থিত একটি ইরানি ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের ৮ জন নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানের সঙ্গে থাকা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই সিরিয়ার কিসওয়েহতে ওই ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের ভাষ্য, অস্ত্রাগার ও রকেট লঞ্চারগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছিল। নিহতদের মধ্যে ৮ জন ইরানি নাগরিক। বার্তাসংস্থা রয়টার্স এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। তবে সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষে যুদ্ধ করছেন এমন একজন স্থানীয় কমান্ডার যে ইসরায়েলি হামলা হওয়ার কথা বলেছেন, তা জেনেছে রয়টার্স। কিন্তু সেই কমান্ডারে ভাষ্য, হামলায় কেউ নিহত হয়নি।
সিরিয়ার সরকারি সংবাদসংস্থা সানা দাবি করেছিল, ট্রাম্প ইরানের সঙ্গে কার্যকর থাকা পরমাণু অস্ত্র চুক্তি বাতিল করে দেওয়ার পরপরই সিরিয়ার উদ্দেশে ছোঁড়া দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে সিরিয়া।
ওই খবরের সত্যতা জানতে চাওয়া হলে, ইরান কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল। তারা বরং সিরিয়ার সীমান্তে ইরানি সেনাদের উপস্থিতির কথা জানিয়ে বলেছিল, গোলান মালভূমিতে সতর্ক অবস্থায় থাকবে ইসরায়েলি সেনাবাহিনী। আর নিরাপত্তা জোরদার করতে সেখানে পাঠানো হবে রিজার্ভড ফোর্সের এক দল সেনা।