১-২ বছরের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা মাহাথিরের

মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, আগামী দুই কিংবা এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। এরপর আনোয়ার ইব্রাহিম তার দায়িত্ব নেবেন। মঙ্গলবার কুয়ালালামপুর থেকে ওয়াল স্ট্রিট জার্নালের সিইও সম্মেলনে ভিডিও বার্তায় দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। তিনি জানান, পরবর্তী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার মুক্তি পাবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

বিরোধী জোটের নেতৃত্ব নেওয়ার সময় মাহাথির চুক্তিবদ্ধ হয়েছিলেন, জোট ক্ষমতায় এলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। তবে এর দুই বছরের মধ্যে আনোয়ার ইব্রাহিমের মুক্তি নিশ্চিত করে তার কাছে সরকারপ্রধানের দায়িত্ব হস্তান্তর করবেন তিনি। শপথ নিয়ে মাহাথিরও বলেছিলেন, দ্রুতই আনোয়ারের মুক্তি নিশ্চিত করবেন তিনি।

মাহাথির বলেন, দায়িত্ব ছাড়লেও দেশ শাসনে ভূমিকা রাখবেন তিনি।

মঙ্গলবার মুক্তি পাওয়ার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, তাকে রাজকীয় ক্ষমার বিষয়টি আলোচনার জন্য বুধবার সময় নির্ধারণ করে ক্ষমা প্রশ্নে গঠিত কমিটি।   

গত ৯ মে বুধবারের নির্বাচনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা বারিসন ন্যাসিওনাল সরকারকে হারিয়ে জয়লাভ করে চার দলের নতুন জোট। হাসপাতালের বেডে শুয়ে পাঠানো এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম তার পিপলস জাস্টিস পার্টি-পিকেআর সদস্যদের মাহাথিরের সরকারকে ‘শক্তিশালী ও স্থিতিশীল’ রাখার নির্দেশ দিয়েছেন। মাহাথির ক্ষমতাসীন জোটের নেতা আর আনোয়ার জোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসনে জেতা দল পিকেআর’র নেতা। এই দুজন প্রথমে বন্ধু, তারপর শত্রু ও পরে জোটের মিত্র হয়েছেন। তাদের এমন পরিবর্তনশীল সম্পর্কই গত তিন দশক ধরে মালয়েশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করছে। এমনকি জোটের ভবিষ্যৎও এই দুজনের সম্পর্কের ওপরই নির্ভর করছে।

মন্ত্রিসভা গঠনে দুজনের মধ্যে বিরোধ দেখা গেছে। মাহাথির স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনিই সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ‘আমি আশা করি আনোয়ারও তিনটি দলের নেতা হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। মন্ত্রিসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেবো।’ আর আনোয়ার ইব্রাহিম বলেছেন, ‘আমি তাড়াহুড়ো করছি না।’  

আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মোহাম্মদ একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু মতপার্থক্যের জেরে ১৯৯৮ সালে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ার ইব্রাহিমকে সরিয়ে দেন মাহাথির। এরপর কথিত সমকামিতার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। তবে রাজনৈতিক পালাবদলের ধারাবাহিকতায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে হটাতে তারা আবার মিত্রে পরিণত হন।